চলনবিলে নির্বিচারে চলছে পাখি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

খাদ্যের সন্ধানে চলনবিলে ছুটে এসে শিকারিদের ফাঁদে ধরা পড়ছে পরিযায়ীসহ দেশীয় নানা প্রজাতির পাখি। এসব পাখি ফেরি করে বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজারে। কিন্তু পাখিশিকারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-তে বলা আছে, ‘পাখি বা পরিযায়ী পাখি হত্যা, এ ছাড়া কোন পাখি বা পরিযায়ী পাখি দখলে রাখিলে বা ক্রয় বা বিক্রয় করিলে বা পরিবহন করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন। এ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটাইলে সর্বোচ্চ এক বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, চলনবিলের খাল, বিল, নালা ও জলাশয়গুলোয় কমছে বন্যার পানি। জেগে উঠছে খেত। এ কারণে পুঁটি, খলসেসহ ছোট-বড় নানা প্রজাতির মাছ মিলছে সেখানে। সেই সঙ্গে মিলছে বোনা আমন ধান। উপযুক্ত পরিবেশ ও এসব মাছ খাওয়ার জন্য নানা প্রজাতির পরিযায়ী ও দেশীয় প্রজাতির পাখিরা ঝাঁকে ঝাঁকে আশ্রয় নিচ্ছে চলনবিলে। একশ্রেণির লোভী মানুষ বিষটোপ, জাল ও ফাঁদ পেতে নির্বিচারে শিকার করছে এসব পাখি। অনেক শৌখিন শিকারিও শিকার করছেন এসব পাখি।

গত শনিবার দুপুরে পৌরসভার চাঁচকৈড় হাটে মাহবুব (৩৫) নামের এক ব্যক্তিকে ফেরি করে পরিযায়ী পাখি বিক্রি করতে দেখা যায়। মাহবুবের বাড়ি উপজেলার খুবজীপুর গ্রামে। এক হালি পাখি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মাহবুব বলেন, চলনবিলে জাল পেতে এসব পাখি শিকার করেছেন তিনি। তাঁর মতো অনেকে পাখি শিকার করে হাটবাজারে বিক্রি করেন।

উপজেলার চাঁচকৈড় বাজারের কয়েকজন পাখিবিক্রেতা বলেন, চলনবিলের সব উপজেলাতেই পাখি শিকার করা হচ্ছে। চিহ্নিত কিছু ব্যক্তির মাধ্যমে এসব পাখি স্থানীয় হাটবাজারসহ ঢাকায় সরবরাহ করা হয়। অনেকে চাকরি বা বিশেষ কাজ পাওয়ার জন্য এসব পাখি সরকারি কর্মকর্তাদের বাসায় পাঠান ঘুষ হিসেবে। তাঁদের ভাষ্যমতে, প্রতিটি বক ১০০ থেকে ১২০ টাকা, বালিহাঁস ৫০০ থেকে ৬০০ টাকা এবং চাকলা পাখি প্রতি হালি বিক্রি করছেন ৩২০ থেকে ৪০০ টাকায়। তবে পরিযায়ী পাখি ওজন-আকৃতিভেদে দেড় হাজার টাকা থেকে চার হাজার টাকা বিক্রি হয়।

জানতে চাইলে গুরুদাসপুর বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লোকবলের সংকট ও সরকারি পরিবহন-সুবিধা না থাকায় বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন বলেন, পাখি শিকার ও বিক্রি বন্ধে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিলবোর্ড টাঙিয়ে পরামর্শ দিতে বলা হয়েছে বন বিভাগকে। এ ছাড়া স্থানীয় হাটবাজার কমিটিকে পাখি শিকার বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে চিঠি পাঠানো হবে।