চলনবিলে বেড়া দিয়ে মাছ শিকার
পাবনার চাটমোহর ও আশপাশের এলাকায় চলনবিলে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে ও সোঁতি জাল পেতে মৎস্য নিধন করা হচ্ছে। বিলের পানি নেমে যাওয়ায় স্থানীয় প্রভাবশালীদের মদদে বৈধ ইজারার নামে অবৈধ সোঁতি জাল বসিয়ে ছেঁকে তোলা হচ্ছে পোনা থেকে শুরু করে ছোট-বড় সব ধরনের মাছ।
চাটমোহর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য আইন অনুযায়ী বর্ষার পানি নেমে যাওয়ার পর বিলে মাছ ধরা যাবে। তবে মাছ ধরতে কোনো অবৈধ জাল ব্যবহার করা যাবে না। একই সঙ্গে সোঁতি ও কারেন্ট জালকে অবৈধ বলা হয়েছে, যা ওই এলাকার জলমহালগুলোর ইজারার শর্তেও উল্লেখ আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার আটটি উপজেলার বেশ কিছু এলাকা নিয়ে চলনবিল বিস্তৃত। এই বিল অঞ্চলকে দেশি প্রজাতির মাছের অভয়াশ্রম বলা হয়। মিঠাপানির রকমারি সুস্বাদু মাছ পাওয়া যায় এই বিলে।
মাছের সঠিক প্রজনন ও বেড়ে ওঠার জন্য পুরো বিল অঞ্চলকে ৪৫টি জলমহালে ভাগ করা হয়েছে। এর মধ্যে পাবনা অঞ্চলেই রয়েছে ২৪টি জলমহাল। দেশে মাছের চাহিদা পূরণের জন্য প্রতিবছর বিলপাড়ের বেশ কিছু মৎস্যজীবী সমিতিকে এই জলমহালগুলো মাছ ধরার জন্য ইজারা দেওয়া হয়।
চলনবিল এলাকার ১০ থেকে ১২ জন বাসিন্দা অভিযোগ করেন, এটি চলনবিলের প্রতিবছরের চিত্র। অবৈধ সোঁতি জাল দিয়ে মাছ ধরা যেন এক উৎসবে পরিণত হয়েছে। আইন থাকলেও চলনবিল এলাকায় মাছ ধরার ক্ষেত্রে আইনের কোনো প্রয়োগ নেই। ফলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় মৎস্যশিকারিরা অবাধে সোঁতি ও কারেন্ট জাল ব্যবহার করছেন। মৎস্য বিভাগ লোক দেখানোভাবে সচেতনতামূলক কিছু কাজ করলেও আইন প্রয়োগে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতিবছর ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধন হয়ে চলনবিল মৎস্যশূন্য হয়ে পড়ছে।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পানি কমে বিল এলাকায় জেগে উঠছে ফসলের মাঠ। বিল থেকে নদীতে পানি বের হওয়ার প্রতিটি পথে স্রোত আটকে সারি সারি বাঁশের সঙ্গে লাগানো হয়েছে সোঁতি জাল। এই জাল দিয়ে পানি থেকে ছেঁকে তোলা হচ্ছে ছোট পোনা মাছ, শামুক, ঝিনুক থেকে শুরু করে ছোট-বড় সব মাছ।
বিল এলাকার ১৫ থেকে ১৬ জন বাসিন্দা বলেন, এ বছর চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের জিয়েলগাড়ী, কাটানদী, গুমানী নদীর কাটেঙ্গা বউবাজার, নিমাইচড়া ইউনিয়নের কাটাজোলা, ছাওয়ালদহ, করোকোলা, করতোয়া নদীর মির্জাপুরের গৌরীপুর এলাকা, হান্ডিয়াল ইউনিয়নের কাটানদী, ডেফলচড়া, পাইকপাড়া, হান্ডিয়াল স্থল ও ধর্মগাছা জোলাসহ বিলের বাঁকে বাঁকে বসানো হয়েছে প্রায় অর্ধশত অবৈধ সোঁতি জাল ও কারেন্ট জাল। এসব জালে দিন-রাত ছেঁকে তোলা হচ্ছে মাছসহ সব জলজ প্রাণী।
এ ব্যাপারে সোঁতি জাল পাহারায় থাকা সাইদুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা অবৈধভাবে সোঁতি জাল বসাইনি। বৈধভাবে ইজারার মাধ্যমেই জাল বসানো হয়েছে। প্রশাসনও এ বিষয়ে অবগত আছে।’
এ প্রসঙ্গে চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘সোঁতি জাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধন রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই আমরা কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনটি সোঁতি জাল ধ্বংস করেছি। অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে এত বড় বিলের মৎস্য নিধন রোধ আমাদের একার পক্ষে সম্ভব নয়। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম শেহলী লায়লা গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মৎস্য কর্মকর্তা আমাকে বিষয়টি অবহিত করেছেন। ইতিমধ্যে আমরা বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। আরও অভিযান করা হবে।’