চলনবিলে মা মাছ নিধনের মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্যভান্ডার খ্যাত চলনবিলের নদী-নালা, খাল-বিলে মা মাছ নিধনের মহোৎসব চলছে। জেলেরা কুচ, পাচা, বাদাই, কারেন্টজালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে দিন-রাত এসব মাছ ধরছেন। হাটে-বাজারে প্রকাশ্যে এসব মাছ বিক্রি করলেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গত মঙ্গল ও বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, সিংড়া ব্রিজের নিচে গুড় নদের দহ, কতুয়াবাড়ী ও জোড়মল্লিকা ব্রিজের নিচে ও পাশের বিলে শতাধিক জেলে কুচ, বাদাই ও খোরাজাল দিয়ে মাছ ধরছেন। তাঁদের ধরা মাছের মধ্যে ডিমওয়ালা বোয়াল, টেংরা, পাতাসী, পুঁটি, মলা, মাগুরসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মা মাছ রয়েছে। বড় মাছগুলো কুচের মাথায় ঝুলিয়ে আশপাশের হাটবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে সিংড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন মাছের আড়তে বিপুলসংখ্যক মা মাছের সরবরাহ হয়েছে। উপস্থিত কয়েকজন লোকের সঙ্গে কথা বলে জানা যায়, ডিমওয়ালা এসব মাছের ক্রেতাদের অধিকাংশই সরকারি বড় কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আড়তদার বলেন, এখন প্রতিটি মাছের পেটেই ডিম রয়েছে। অনেক স্যার ডিমওয়ালা মাছ খেতে পছন্দ করেন। তাঁদের চাহিদা মোতাবেক মাছ আড়তে আসা মাত্রই তাঁদের বাসায় দিয়ে আসা হয়। দামে কোনো সমস্যা হয় না। এ ছাড়া বড় নেতাদের খুশি করতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরাও ডিমওয়ালা মাছ সংগ্রহ করছেন।
মঙ্গলবার রাতে সিংড়াদহ এলাকায় এক জেলের খোরাজালে ধরা পড়ে নয় কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছের পেটে প্রায় দুই কেজি ওজনের ডিম। পরদিন সকালে মাছটি সিংড়া মৎস্য আড়তে নেওয়া হয়। দাম হাঁকা হয় সাত হাজার টাকা। ছয় হাজার টাকায় মাছটি কেনেন এক জনপ্রতিনিধি।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার বলেন, ইতিমধ্যে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ মা মাছ নিধন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ইউএনও সালমা খাতুন বলেন, ‘এখানকার মা মাছ রক্ষা করতে পারলে সারা দেশের মানুষ উপকৃত হবে। তাই আমরা এ ব্যাপারে কঠোর হতে যাচ্ছি।’