চলনবিলে মৎস্য অভয়াশ্রমে বিষ ঢেলে মাছ লুট
নাটোরের নলডাঙ্গা উপজেলার করেরগ্রাম এলাকায় চলনবিলের মরাআত্রাই নদের মৎস্য অভয়াশ্রমে গত বৃহস্পতিবার রাতে বিষ দিয়ে ২৫ লক্ষাধিক টাকার মাছ নিধন ও লুট করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের স্থানীয় এক নেতার যোগসাজশে প্রভাবশালী একটি চক্র এ কাজ করেছে।
অথচ এক দিন পার হয়ে গেলেও জেলা মৎস্য কর্মকর্তা এ ব্যাপারে কিছুই জানেন না বলে গতকাল শুক্রবার সন্ধ্যায় দাবি করেন।
সরেজমিনে গতকাল বেলা ১১টার দিকে দেখা যায়, অভয়াশ্রমে পোনা থেকে শুরু করে দেশি প্রজাতির ডিমওয়ালা বড় বড় মা-মাছ ও কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। মানুষ হুড়োহুড়ি করে মাছ ধরছে।
এলাকাবাসী সূত্র জানায়, নলডাঙ্গার মরাআত্রাই নদের করেরগ্রাম অভয়াশ্রম থেকে চলনবিলে মাছের বিস্তার ঘটে। শুকনো মৌসুমে এখানে মা-মাছ সংরক্ষণ করে বর্ষার পানিতে চলনবিলে ছেড়ে দেওয়া হয়। তাই এ অভয়াশ্রমে শুকনো মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। আর এ অভয়াশ্রম দেখভালের দায়িত্ব দেওয়া হয় গোয়ালঘাট মৎস্যজীবী সমিতিকে। কিন্তু বড় মাছের লোভে খাজুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের যোগসাজশে মৎস্যজীবী সমিতির সভাপতি বীরেন হালদার, করের গ্রামের মৎস্যজীবী নেতা মুনছুর আলীসহ স্থানীয় প্রভাবশালী একটি চক্র প্রায় ১৫ দিন ধরে তিনটি শ্যালো মেশিন দিয়ে অভয়াশ্রমের পানি শুকানোর চেষ্টা করছিলেন। কিন্তু এতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার রাতে তাঁরা ওই অভয়াশ্রমে বিষ দিয়ে দেশি প্রজাতির প্রায় ২৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেন এবং পরে লুট করেন। গতকাল সকালে আশপাশের লোকজন উপজেলা প্রশাসনকে ঘটনা জানান। তবে শুক্রবার হওয়ায় এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বীরেন হালদার অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা বিষ দিয়েছে তা জানা যায়নি। ঘটনাটি মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছে।
শহিদুল ইসলামও মাছ নিধনের কথা শুনেছেন বলে জানান। তবে তিনিও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। মুনছুর আলী দাবি করেন, গতকাল ভেসে ওঠা মরা মাছ দেখে পানিতে বিষ দেওয়া হয়েছে বলে তিনি বুঝতে পারেন।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সম্পর্কে বলেন, ‘আমি এখন পর্যন্ত কিছু জানি না। গত কয়েক দিন জেলার বাইরে ছিলাম। খোঁজ নিয়ে দেখছি।’
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, অভয়াশ্রমের এসব মাছ আসলে চলনবিলের রক্ষিত মা-মাছ। বিষ প্রয়োগ করে এসব মা-মাছ ও কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী মেরে ফেলায় প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে।