চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে রক্ষা পেলেন চাক তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ করা হচ্ছে—এটি বুঝতে পেরে থেকে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পেয়েছেন চাক সম্প্রদায়ের এক তরুণী। অবশ্য রাস্তায় পড়ে যাওয়ার কারণে তাঁর মুখমণ্ডল থেঁতলে গেছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু উপজেলার মধ্যম মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণীর নাম হ্লা নু চাক। তাঁর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকপাড়ায়। তাঁর বাবা কাউচিং চাক বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রামু উপজেলার মধ্যম মেরংলোয়া এলাকার আরাকান সড়কে এক তরুণীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা।
তরুণীর খালু উচাই হ্লা চাক বলেন, বৃহস্পতিবার বিকেলে তিনি হ্লা নু চাককে নিয়ে বাসে করে চট্টগ্রাম থেকে নাইক্ষ্যংছড়ির বাড়িতে ফিরছিলেন। রাত আটটার দিকে তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চৌমুহনী স্টেশনে নামেন। সেখান থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। কিছু দূর যাওয়ার পর অটোরিকশা থামিয়ে তিনি রাস্তার পাশের দোকানে পান কিনতে যান। পান কিনে এসে দেখেন অটোরিকশাটি নেই।
রামু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে ঘটনার বর্ণনা দিয়ে হ্লা নু চাক বলেন, তাঁর খালু নেমে যাওয়ার পর চালক অটোরিকশা চালাতে শুরু করেন। গাড়ি থামাতে বললে চালক তাঁকে হত্যার হুমকি দেন এবং গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। বিপদ আঁচ করতে পেরে চলন্ত গাড়ি থেকেই লাফ দেন তিনি। পাকা সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁর কান্না ও চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
হ্লা নু চাককে দেখতে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যকেন্দ্রে যান রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি ঘটনাটিকে দুঃখজনক ও মর্মান্তিক বলে মন্তব্য করেন এবং অটোরিকশা চালককে গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে গতকাল দুপুরে হ্লা নু চাককে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন প্রথম আলোকে বলেন, অটোরিকশা চালককে শনাক্ত করা গেছে। তাঁকে ধরতে অভিযান চলছে। তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তাঁদেরও খোঁজা হচ্ছে।