চলন্ত ট্রাকে ধর্ষণের শিকার কিশোরী গাজীপুর সংশোধনাগারে
গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে চলন্ত ট্রাকের ভেতর গণধর্ষণের শিকার কিশোরীকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে গাজীপুরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয় জবানবন্দি রেকর্ড করার জন্য। জবানবন্দি শেষে মেয়েটিকে তার বাবা বাড়িতে নিয়ে যেতে চান। কিন্তু মেয়েটি পরিবারের কাছে যেতে অসম্মতি জানিয়ে তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর জন্য আবেদন করে। পরে আদালত তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষ রাতেই তাকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্রের সংশোধনাগারে প্রেরণ করে।
ওসি আরও বলেন, নির্যাতনের শিকার কিশোরীকে জন্মের ছয় দিন পর দত্তক নেয় পরিবারটি। কিন্তু সে কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ায় সহজে রেগে যায়। এ কারণে মায়ের সঙ্গে প্রায়ই অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যেত। এর আগে আরও দুবার সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। দেড় বছর আগে একটি ছেলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু সেই সংসার টেকেনি।
এদিকে, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান মিয়া বলেন, ওই কিশোরীর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। শনিবার তাকে আবার চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে চলন্ত ট্রাকে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। পরে পুলিশ ট্রাকের চালক মেহেদি হাসান ও সহকারী সোহান ওরফে তুহিনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। দুই আসামি পুলিশ হেফাজতে চার দিনের রিমান্ডে রয়েছেন।