চলন্ত ট্রেনে রেল পুলিশ-কর্মচারী মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনে রেলের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে। আহত কর্মচারীর নাম মো. ফরহাদ। তিনি রেলের বিদ্যুৎ বিভাগের কর্মী। গতকাল শুক্রবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ে পুলিশ পাল্টা অভিযোগ করেছে, ওই কর্মচারী তাদের এক কনস্টেবলের গায়ে হাত তুলেছেন। তাঁর নাম মো. ফয়সাল। মারামারিতে দুজনেরই দাঁত ভেঙে গেছে।

ফরহাদ চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে এবং কনস্টেবল মো. ফয়সাল নগরের দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মনজুর উল আলম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক কর্মচারীকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। বাগ্‌বিতণ্ডা থেকে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। তদন্তে চার সদস্যের কমিটি করে দিয়েছি। কমিটিতে পুলিশের সদস্যও রাখা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমানকে।’

অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ বলেন, ট্রেনের ইবাদতখানার দরজা খুলতে চেয়েছিলেন পুলিশ সদস্য ফয়সাল। এ নিয়ে তাঁর সঙ্গে তর্কে জড়ান ফরহাদ। একপর্যায়ে ফরহাদ পুলিশের ওপর চড়াও হন। তখন কনস্টেবল ফয়সাল তাঁকে হ্যান্ডকাফ পরান। ওই হ্যান্ডকাফ দিয়ে ফয়সালকে আঘাত করলে তাঁর দাঁত ভেঙে যায়। পরে ফয়সালও পাল্টা ঘুষি দিলে ফরহাদের দুটি দাঁত ভেঙে যায়। দুজনেই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।