চলন্ত ট্রেনেই গার্ড বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাব খাটিয়ে এক ব্যক্তি পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের একজন পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বরখাস্তের আদেশ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর হয়েছে।

রেলওয়ের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার মালামাল ওই পরিচালকের কক্ষে (গার্ড ব্রেকে) না নেওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বরখাস্ত হওয়া এই পরিচালকের নাম খলিলুর রহমান। তিনি বলেন, গত বুধবার বিকেলে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেওয়ার আট মিনিট আগে তিনি গার্ড ব্রেকে এসে দেখেন সেখানে চার-পাঁচটি লাগেজ ও একটি কার্টন রাখা। এগুলো রাখার কারণে তাঁর বসার জায়গা হচ্ছিল না। তিনি আশপাশের লোকজনের কাছে জানতে চান, কে এই মালামাল রেখেছেন। কিন্তু কেউ কোনো উত্তর না দেওয়ায় তিনি কিছুটা ঘাবড়ে যান। কারণ, লাগেজে অবৈধ কিছু থাকলে তিনি বিপদে পড়ে যাবেন।

খলিলুর রহমান অভিযোগ করেন, ট্রেন ছাড়ার জন্য বাঁশি দেওয়ার সময় এক যুবক এসে বলেন, মালামালগুলো তাঁর। এগুলো ওখানেই থাকবে। ওভাবেই ঢাকায় যাবে। যুবকের পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় দেননি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি দেখে পাওয়ার কারের চালক এসে মালামাল তাঁর কামরায় নিয়ে যান। ট্রেন চলতে শুরু করলে ওই ব্যক্তি তাঁকে বলেন, ‘ডিজি (মহাপরিচালক) সাহেবের মাল গার্ড ব্রেকে নিলেন না। কিছুক্ষণের মধ্যেই খবর হয়ে যাবে।’ এই বলেই ওই যুবক ট্রেনে উঠে গেলেন।

খলিলুর রহমান বলেন, ট্রেনটি চাটমোহর স্টেশনে এসে থামলে সেখানকার স্টেশনমাস্টার জানান, তাঁকে (খলিলুর) সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তিনি জানতে পারেন, সেই যুবক বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের আত্মীয়। তাঁর নাম মেহেদী। তিনিই মহাপরিচালককে বলে তাঁকে বরখাস্ত করার ব্যবস্থা করিয়েছেন।

জানতে চাইলে রাজশাহী রেলস্টেশনের তত্ত্বাবধায়ক জিয়াউল আহসান বলেন, বরখাস্তের আদেশটি তাঁর কাছে রয়েছে। একজন যাত্রীর মালামাল নিয়ে ট্রেন পরিচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। এ নিয়েই ঘটনাটি ঘটেছে। ওই যাত্রী রেলওয়ের একজন বড় কর্মকর্তার আত্মীয়। তাঁর নাম মেহেদী।

জিয়াউল আহসান আরও বলেন, কী কারণে বরখাস্ত করা হয়েছে, তা আদেশে উল্লেখ করা হয়নি। তবে এ বিষয়ে একটি তদন্ত হবে। তারপর কার কথা সত্য, সেটি উদ্‌ঘাটিত হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনকে ফোন করলেও তিনি ধরেননি। তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি। তবে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তদন্ত করে দেখা হবে প্রকৃত ঘটনা কী? এতে দোষী প্রমাণিত হলে খলিলুর রহমান শাস্তি পাবেন।