চলন্ত বাসে কলেজছাত্রীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে চলন্ত বাসে পারভেজ আহমদ (২৫) নামে এক যুবক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।
অভিযুক্ত পারভেজের বাড়ি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দুগাঁওয়ে। ছাত্রীটি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কলেজছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওই ছাত্রী গতকাল মঙ্গলবার পরীক্ষা শেষে রাজনগর উপজেলায় তাঁর বাড়ি যাওয়ার জন্য মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে আসেন। বাসস্ট্যান্ড থেকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের বাসে ওঠেন। এ সময় পারভেজও ওই বাসে ওঠেন। একপর্যায়ে তিনি ছাত্রীর পায়ে চাপ দিয়ে ঝগড়ার সৃষ্টি করেন। এরপর তিনি ছাত্রীটিকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েন। বাসের কয়েকজন যাত্রী তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু বাসটি মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজার এলাকায় পৌঁছালে যুবকটি বাস থেকে নেমে যান।
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আবদুল মালিক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘কলেজের ছাত্রী হিসেবে তাঁকে আমরা সব ধরনের সহযোগিতা করব। তাঁর পাশে কলেজ কর্তৃপক্ষ থাকবে। আগামীকাল (আজ বুধবার) কলেজ খুললে কী করা যায়, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ওই কলেজছাত্রী গতকাল মঙ্গলবার বলেন, ‘ছেলেটি বাসে ওঠে আমার সঙ্গে দুর্ব্যবহার করে। বাধা দিলে মাথায় জোরে আঘাত করে। পরে চড়-থাপ্পড় মারতে থাকে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি তাঁকে চিনি না। মাঝে মাঝে কলেজে আসা-যাওয়ার পথে আমাকে উত্ত্যক্ত করত।’
রাজনগরের ইউএনও আইনুর আক্তার পান্না গতকাল মঙ্গলবার বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে একটি অভিযোগ পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে ওসিকে রেফার করে ছেলেটিকে গ্রেপ্তার করতে বলেছি। গ্রেপ্তারের পর ব্যবস্থা নেব।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটা শুনলাম। অভিযোগ পাওয়ার পর অবশ্যই ব্যবস্থা নেব।’