চলন্ত বাসে গণধর্ষণ শেষে নারীকে ফেলে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত বাসে পোশাক কারখানার একজন কর্মীকে গণধর্ষণ ও পরে গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ঘটনায় বাসচালক, তাঁর সহকারীসহ চারজন জড়িত ছিলেন।
ওই অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ অন্যতম আসামি ও বাসচালকের সহকারী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।
এদিকে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন কারখানার কর্মী ও এলাকাবাসী।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদের ভাষ্য, গত সোমবার রাত ১১টায় ছুটির পর বাসযোগে বাড়ি ফিরছিলেন আড়াইহাজার উপজেলার একটি তৈরি পোশাক কারখানার একজন নারী কর্মী। কিন্তু ক্লান্ত-শ্রান্ত এই কর্মী পথে বাসটিতে ঘুমিয়ে পড়েন। বাসযাত্রীরা সবাই যাঁর যাঁর গন্তব্যে নেমে যান। এরপর চালক চান মিয়া (২৫), সহকারী রুবেল মিয়া (২১) ও তাঁদের দুই সহযোগী ওই কর্মীকে ধর্ষণ করেন। পরে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় গুরুতর আহত অবস্থায় তাঁকে সড়কের পাশে ফেলে পালিয়ে যান।
এই কর্মকর্তার আরও ভাষ্য, আহত ওই কর্মীকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। পরে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরদিন গত মঙ্গলবার সকালে এই নারীর বাবা বাদী হয়ে চান মিয়া, রুবেল মিয়া, তাঁদের সহযোগী আতিকুল ইসলাম ও অজ্ঞাতনামা আরেকজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পুলিশ গতকাল বুধবার রুবেলকে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করার পর তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ দাবি করেন, আদালতে ওই জবানবন্দিতে রুবেল বলেন, চান মিয়ার নির্দেশে তাঁরা চারজন ওই নারীকে ধর্ষণের সিদ্ধান্ত নেন। ধর্ষণের পর ওই নারী চেতনা হারালে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালানোর সময় বাসটি সড়কের পাশে পড়ে যায়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামি রুবেল মিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা পলাতক।
এ ঘটনার ব্যাপারে ওই নারী বা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে গতকাল দুপুরে সোনারগাঁয়ে বারদী বাজার ও ধন্দি বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কারখানার শ্রমিক ও এলাকাবাসী।