চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক আটক
ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও চালকের সহকারী। পরে মহাসড়কের পাশে থাকা লোকজন ওই তরুণীকে উদ্ধার করেন। তাঁরা বাসের চালক নুর উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস আজ দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে। বাসের বেশির ভাগ যাত্রী শেরপুরের। ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জ। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের বাসে উঠতে পারবে বলে বাসের চালক তরুণীকে বাসে ওঠায়।
সন্ধ্যায় বাসটি ময়মনসিংহ শহরতলির চুরখাই এলাকায় আসার পর বাস শেরপুর না গিয়ে কিশোরগঞ্জ যাবে বলে কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দেয় চালক ও সহকারী। ওই তরুণীকে কিশোরগঞ্জ যাওয়ার আশ্বাস দিয়ে বাসে থাকতে বলে। বাসটি ছাড়ার পর চালক তরুণীকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় চালকের সহকারী বাস চালাচ্ছিল। বাসের গতিও কম ছিল। একপর্যায়ে ওই তরুণী বাসের জানালা দিয়ে লাফ দিয়ে নামতে চেষ্টা করলে লোকজন দেখে বাসটিকে ধাওয়া করেন। লোকজন বাসটি আটক করে চালক নুর উদ্দিনকে ধরে পুলিশে দেন। চালকের সহকারী পালিয়ে যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, ওই তরুণী সুস্থ আছেন। চালককে গ্রেপ্তার করা হয়েছে।