চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় চলন্ত বাসে পোশাক কারখানার কর্মী ধর্ষণের ঘটনায় আরও একজনকে গরেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ধর্ষণের শিকার ওই নারী থানায় এসে আসামিকে শনাক্ত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জসিম উদ্দিন (৩৬)। তার বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামে।
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মহজমপুর বাজার থেকে গণধর্ষণের মামলার আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
১১ মে রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক কাজ শেষে বাসে করে বাড়ি ফিরছিল। পথে বাসের চালক চান্দু মিয়া, চালকের সহকারী রুবেল মিয়া, তাদের বন্ধু জসিম উদ্দিন ও অজ্ঞাতনামা একজন তাঁকে ধর্ষণ করে। পুলিশ ইতিমধ্যে চান্দু মিয়া ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে। তারা দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বর্তমানে কারাগারে আছে।