চলন্ত বাসে ধর্ষণের পর হত্যায় বিশিষ্ট নাগরিকদের নিন্দা
বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।
আজ বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক সুলতানা কামালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকনিবন্ধন পরীক্ষা শেষে গত শুক্রবার রাতে ওই তরুণী বগুড়া থেকে ছোঁয়া পরিবহনের একটি বাসে করে তাঁর কর্মস্থল ময়মনসিংহে ফিরছিলেন। পথে সিরাজগঞ্জে বাসের অন্য যাত্রীরা নেমে গেলে বাসচালক ও সহযোগীরা মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরের দিন মেয়েটির লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পত্রিকায় লাশ উদ্ধারের খবর দেখে থানায় গিয়ে মেয়েটির পরিবারের লোকজন তাঁকে শনাক্ত করে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে পুলিশ ইতিমধ্যে বাসচালকসহ পাঁচজনকে আটক করেছে। তাঁদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনা ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’। একের পর এক এ ধরনের ভয়াবহ নির্যাতনের ঘটনা আমাদের ক্ষয়িষ্ণু নৈতিকতা ও মানসিকতার প্রমাণ। এ ধরনের অন্যায়ের যথাযথ বিচার না হওয়া এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি না পাওয়ায় বেপরোয়া হয়ে উঠছে। এর আগেও গণপরিবহনে ধর্ষণের অনেকগুলো ঘটনা ঘটেছে। হাতে গোনা দু-একটি ছাড়া কোনো ঘটনারই উপযুক্ত বিচার হয়নি। এসব ঘটনার পর বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ হয়েছে কিন্তু দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার পর যেমন প্রতিবাদের জোয়ার উঠেছিল, তেমনটি দেখা যায়নি। আমরা উপলব্ধি করছি, রাষ্ট্র ও প্রশাসন এ ধরনের ঘটনায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। নাগরিক সমাজের পক্ষ থেকেও কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া দৃশ্যমান না হওয়ায় আমরা বিক্ষুব্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সরকারের প্রতি দাবি জানাই, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, গণপরিবহনে নারীর নিরাপত্তা রক্ষার্থে অন্যান্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের নাগরিকদের স্মরণে রাখতে হবে, অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে এবং নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে গণ-আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, অধ্যাপক আনিসুজ্জামান, সারোয়ার আলী, রাশেদা কে চৌধূরী, আবেদ খান, শাহীন আনাম, জিয়াউদ্দীন তারেক আলী, অধ্যাপক এম এম আকাশ ও রামেন্দু মজুমদার।