চলন্ত বাসের নিচে ফেলে মেয়েকে হত্যা, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে পাঁচ বছরের সন্তানকে চলন্ত বাসের নিচে ফেলে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিকাশ সরকার (২৫) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী রত্না সরকার। গতকাল সোমবার গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়।

গত রোববার দুপুরে বিকাশ সরকার জুস খাওয়ানোর কথা বলে মেয়েকে নিয়ে একটি যাত্রীবাহী বাসের নিচে ছুড়ে ফেলে দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের ভেন্নাবাড়ী মোড় এলাকায় নিজের মেয়ে রিয়া সরকার ওরফে দিশাকে (৫) গোপালগঞ্জগামী একটি বাসের নিচে ফেলে দেন বিকাশ। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে সে মারা যায়। এদিকে ঘটনার পরপরই বাসের চালক ও আশপাশের লোকজন বিকাশকে আটক করে। পরে বিকেলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়া কলিগ্রাম ব্যাপ্টিস্ট চার্চ প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।

রত্না সরকারের চাচা বিষ্ণু বাড়ৈ জানান, আট বছর আগে গোপালগঞ্জের ভেন্নাবাড়ী গ্রামের বিকাশ সরকারের সঙ্গে কলিগ্রামের রত্না বাড়ৈর বিয়ে হয়। রিয়া তাঁদের একমাত্র সন্তান ছিল। বিকাশ ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। বিয়ের সময় ১ লাখ ২৫ হাজার টাকা ও ছয় ভরি ওজনের সোনার গয়না দেওয়া হয়। তার পরও প্রতিনিয়ত যৌতুকের জন্য চাপ দেওয়ায় বিয়ের দুই বছর পর থেকেই  তাঁদের মধ্যে কলহ শুরু হয়। এর জের ধরে সন্তান হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, মামলায় বিকাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলার মুখ্য বিচারিক আদালতের মাধ্যমে গতকাল সোমবার তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।