চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণ
কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরার পথে রাজধানীতে গণধর্ষণের শিকার হয়েছেন এক গারো তরুণী (২২)। গত বৃহস্পতিবার রাতে কুড়িল বাসস্ট্যান্ড থেকে তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত।
ঘটনার শিকার তরুণী যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে কাজ করেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার তিনি ভাটারা থানায় মামলা করেন। নারী লাঞ্ছনা ও যৌন নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী যখন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, সেই সময়েই চলন্ত মাইক্রোবাসে ধর্ষণের শিকার হলেন এই তরুণী।
ভাটারা থানার পুলিশ জানায়, ওই তরুণী তাঁদের বলেছেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কাজ শেষে তিনি যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যেতে বাসের জন্য একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ছাই রঙের একটি মাইক্রোবাস তাঁর সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে এসে অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তাঁকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলেই তাঁর মুখ ও হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর গাড়িটি বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। গাড়ির ভেতরে চালকসহ পাঁচজন তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের সময়ও তাঁকে ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়। রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে তাঁকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়।
ওই মেয়েটির বড় বোন জানান, তাঁরা দুই বোন উত্তরায় খালার বাসায় থাকেন। সেখান থেকে প্রতিদিন বাসে করে যমুনা ফিউচার পার্কে যাতায়াত করেন তাঁর বোন। বৃহস্পতিবার রাতে তিনি দেরিতে বাসায় ফেরার পর খুব অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা কী হয়েছে জানতে চাইলে তাঁর বোন কাঁদতে কাঁদতে ঘটনা জানান। ঘটনা শুনে পরিবারের সদস্যরা বিষয়টি আগে তাঁর দোকানের মালিককে জানান। তাঁদের পরামর্শে গতকাল থানায় মামলা করা হয়।
ঘটনার শিকার তরুণীর বোন আরও জানান, তাঁর বোন খুবই আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মেয়েটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হবে।
ভাটারা থানার ওসি নুরুল মোস্তাকিম বলেন, রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক থানায় এসে পুলিশের হেফাজতে থাকা মেয়েটি ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি মেয়েটিকে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া, রাত পৌনে ১২টার দিকে ওসি জানান, রাতে গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় এসে মেয়েটির সঙ্গে কথা বলেছেন। মেয়েটি পুলিশকে জানিয়েছে, তিনি ধর্ষকদের দেখলে চিনতে পারবেন। সবাই মিলে চেষ্টা করছেন দুর্বৃত্তদের খুঁজে বের করতে কোনো সূত্র মেলে কী না।