চলন্ত লেগুনায় গুলি, আহত ১
গুলিস্তান থেকে নিউমার্কেটে যাওয়ার পথে একজন লেগুনাযাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম কামাল শিকদার (৪০)। তিনি নিউমার্কেটের একটি দোকানে ব্যবস্থাপকের কাজ করেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
কামাল শিকদার যে দোকানে কাজ করেন, সেটির মালিক আনোয়ার হোসেন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘কামাল গুলিস্তান থেকে দোকানে যাচ্ছিলেন। লেগুনা যখন ইডেন কলেজের পেছন দিয়ে যাচ্ছে, তখনই আচমকা তাঁর গালে গুলি এসে লাগে। লোকজনই সেখান থেকে তাঁকে ইবনে সিনা হাসপাতালে নেন। এক্স-রে করার পর চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন।’ শেষ খবর পাওয়া পর্যন্ত কামাল শিকদার ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।
এ ঘটনায় কোনো মামলা হয়নি। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে কোনো পুলিশ সদস্য যাওয়ার খবরও পাওয়া যায়নি।