চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০
জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের লোকজনের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত লোকজনের মধ্যে সাতজনকে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া আহত সাতজন হলেন ফিরোজ সিং (৩০), সোহাগ (২৫), মনিরা বেগম (২৫), ছালেহা বেগম (৩৫), ফারুক শরীফ (৩০), আতাহার শরীফ (৬০) ও রুবেল খান (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইউনিয়নের কাবিলের হাওলা গ্রামের চলাচলের একটি রাস্তা নিয়ে এলাকার চান্দু শিকদার ওরফে গোলাম হোসেনের সঙ্গে প্রতিবেশী আতাহার শরীফের পক্ষের বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চান্দু শিকদারের পক্ষের লোকজন বিরোধপূর্ণ ওই রাস্তার পাশের জমিতে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ আতাহার শরীফের লোকজন বাধা দেন। এতে দুপক্ষের লোকজন প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে লাঠিসোঁটা, দা, বঁটি ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, সহিংসতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের আহত েলাকজন থানায় এলে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। একে অপরকে দোষারোপ করে দুই পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।