চলে গেল পরিচয়হীন দগ্ধ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচয়হীন অগ্নিদগ্ধ শিশুটি মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সে মারা যায়। ১১-১২ বছরের এই শিশুটিকে গতকাল রাত ১০টার দিকে বার্ন ইউনিটে ভর্তি করে সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ও প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন শিশুটির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির লাশ বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।

শিশুটির নাম জাকির বলে হাসপাতালের ভর্তি খাতায় উল্লেখ করা হয়। তবে পিতার নামের জায়গা খালি। শিশুটির শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে হাসপাতালের খাতায় লেখা ছিল। বার্ন ইউনিটের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ খন্দকারের অধীনে শিশুটি চিকিৎসাধীন ছিল। গতকাল তিনি প্রথম আলোকে জানান, গণস্বাস্থ্য হাসপাতালের যাঁরা শিশুটিকে নিয়ে এসেছেন, তাঁরা বলেছেন শিশুটি একটি বাসের ভেতরে ছিল। চিকিৎসকদের সঙ্গেও কিছুটা ইশারায় শিশুটি জানিয়েছে, সে একটি বাসের ভেতরে অগ্নিদগ্ধ হয়েছে।

সাভারের গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক আশরাফউদ্দীন মল্লিক গতকাল প্রথম আলোকে বলেন, কয়েকজন লোক ১৩ জানুয়ারি রাতে শিশুটিকে গণস্বাস্থ্য হাসপাতালে রেখে যান। তবে তাঁরা কেউ শিশুটির স্বজন নন। তাঁদেরই একজন বলেছেন, শিশুটি একটি বাসে ছিল।

আরও জানতে পড়ুন
পোড়া শিশুটি কার?