চলেই গেলেন শাকিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশিয়ান ট্রান্সপোর্টের গাড়িতে দুর্বৃত্তদের লাগানো আগুনে দগ্ধ চালকের সহকারী মো. শাকিল (১৮) মারা গেছেন। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, আগুনে শাকিলের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ হওয়ার তিন দিন পর তিনি মারা যান।
শাকিলের পিতার নাম জসিম শিকদার। বরিশালের মুলাদী উপজেলার কাজীর চরে তাঁর বাড়ি।
২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়া এলাকার মার্কেট-সংলগ্ন বিসমিল্লাহ পেট্রলপাম্পের সামনে আশিয়ান ট্রান্সপোর্টের ওই গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
আগুনে দগ্ধ হন বাসের চালকের সহকারী শাকিল (১৮) ও ইয়াসিন (২০)। আগুনে শাকিলের প্রায় সারা শরীর ও ইয়াসিনের মুখ ও হাত পুড়ে গেছে। তাঁদের উদ্ধার করে বুধবার ভোর ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঘটনার পর পুড়ে যাওয়া বাসটির চালক মো. জসিমউদ্দিন জানান, সারা দিনের কাজের পর রাত সাড়ে ১০ টার দিকে শাকিল ও অন্য গাড়ির চালকের সহকারী ইয়াসিন বাসে ঘুমাতে যান। রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা শাকিল ও ইয়াসিন দগ্ধ হন।
জসিমউদ্দিনের ধারণা, বাসটিতে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়েছে। কারণ পেট্রলবোমা মেরে আগুন দিলে শব্দ হতো। কিন্তু আগুন লাগার সময় কোনো শব্দ হয়নি। এ ছাড়া খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি পুড়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শাকিলের লাশ বার্ন ইউনিটের লাশঘরে রাখা হয়েছে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।