চা দোকানির শরীরে আগুন, অভিযোগ পুলিশের বিরুদ্ধে
তেলের চুলা (স্টোভ) বিস্ফোরিত হয়ে রাজধানীর মিরপুরের গুদারাঘাটে বাবুল মাতব্বর (৫০) নামের এক চায়ের দোকানির শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গেছে। পরিবারের অভিযোগ, এক পুলিশ সদস্যকে টাকা না দেওয়ায় তেলের চুলায় আঘাত করলে স্টোভ বিস্ফোরিত হয়। তবে পুলিশের বক্তব্য, ওই ব্যক্তি পুলিশ সদস্য নয়, থানার সোর্স। আজ বুধবার রাতে এই ঘটনা ঘটে।
বাবুলকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, বাবুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থা সংকটাপন্ন।
চা দোকানি বাবুরের পুত্রবধূ রোখসানা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা মিরপুর ১ নম্বর গুদারাঘাটে থাকেন। তাঁর শ্বশুর (বাবুল) ফুটপাতে বসে চুলা জ্বালিয়ে চা বিক্রি করেন। রাত সাড়ে নয়টার দিকে তিন-চার পুলিশ এসে ফুটপাতে বসার জন্য তাঁর কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাঁরা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তেলের চুলায় (স্টোভে) আঘাত করে। এ সময় স্টোভ বিস্ফোরিত হলে বাবুলের শরীরে আগুন ধরে যায়। স্থানীয়রা সংকটাপন্ন অবস্থায় বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। রোখসানা বলেন, হামলাকারী দেলোয়ার হোসেন নিজেকে শাহ আলী থানার পুলিশের কনস্টেবল পরিচয় দেন।
রাতে যোগাযোগ করা হলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল প্রথম আলোকে বলেন, দেলোয়ার থানার কনস্টেবল নন, তিনি থানার সোর্স (তথ্যদাতা)। এ সময় থানার কোনো পুলিশ উপস্থিত ছিল না। আগুন লাগার খবর পেয়ে পুলিশ দগ্ধ বাবুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।