চা-পাতা চুরি, এক ব্যক্তিকে মারধর
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫০ গ্রাম চা-পাতা চুরির অভিযোগে এক ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল সোমবার এক ব্যক্তিকে আটক করেছে।
পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে রোববার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রহমান আলী (২২) ঠেলাচালক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল সোমবার দুপুরে শহীদনগর বাজারে গেলে স্থানীয়রা বলেন, বাজারের রাজা মিয়ার মুদি দোকান থেকে ৫০ গ্রাম চা-পাতা চুরির অভিযোগে রহমানকে আটক করা হয়। রাজা মিয়া ও মনসুরপুর গ্রামের জহুর মিয়া বাঁশের লাঠি ও কাঠের বর্গা (কাঠের টুকরো) দিয়ে রহমানের হাত বেঁধে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে তাঁকে (রহমান) শহীদনগর বাজারের প্রতিটি দোকানে নিয়ে জোর করে বলানো হয়, চা-পাতা চুরির জন্য তিনি শাস্তি পেয়েছেন। নির্যাতনকারীরা পরে তাঁকে আরেকটি চায়ের দোকানে ফেলে রেখে যান।
এ ঘটনার খবর পেয়ে রহমানের ভাই মো. ফরুক আলী, বাবা ওয়াজিদ আলী ও স্বজনেরা রহমানকে নিতে এলে সাদা কাগজে তাঁদের সই নিয়ে রহমানকে যেতে দেওয়া হয়। গতকাল বেলা ১১টায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রহমান আলী সাংবাদিকদের বলেন, কয়েক দিন আগে রাজা তাঁকে মাল আনা-নেওয়ার কাজ দিতে চান। সে কাজটি করেননি বলেই চুরির অভিযোগ তুলে তাঁকে নির্যাতন করা হয়েছে।