চা বাগান এলাকা থেকে লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান প্লান্টেশন এলাকা থেকে বাদশাহ মিয়া (৫০) নামের এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাদশাহ মিয়া শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা গ্রামের জমির মিয়ার ছেলে।
আলীনগর চা বাগান ও কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে চা শ্রমিকেরা বাগানে যাওয়ার পথে আলীনগর চা বাগান কারখানা ও নাচঘরের মধ্যবর্তী স্থানে বাদশাহর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশে খবর দেন। লাশের গলাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (২য় কর্মকর্তা) আল মামুন বলেন, উপপরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।