চা-বাগানে নির্বিচারে গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে চলছে নির্বিচারে গাছ কাটা। অভিযোগ উঠেছে, বন বিভাগের অনুমোদন ছাড়াই বিভিন্ন জাতের দুই সহস্রাধিক গাছ বিক্রি করে দিয়েছে বাগান কর্তৃপক্ষ। আর সেসব গাছ ৫০ লাখ টাকায় কিনেছেন সরকারদলীয় নেতা-কর্মীরা।
এ প্রতিবেদকের কাছ থেকে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশে গত বুধবার বিকেলে রবিরবাজার ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা নূর হোসেন ও বন বিভাগের কুলাউড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কশেম ভূঁইয়া বাগান পরিদর্শন করেন। ইউএনও গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, বাগানে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। সেখানে ২০-২৫টি কাটা গাছ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাগানের ২, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ নম্বর সেকশনে বিভিন্ন জাতের বেশ কিছু গাছে সবুজ কালির ‘ক্রস’ চিহ্ন দিয়ে রাখা। ১০ নম্বর সেকশনে রাস্তার পাশে ১০-১৫টি আকাশমণি জাতের গাছ কাটা। কয়েকজন শ্রমিক কুড়াল দিয়ে বাগানে গাছ কাটছেন। অপর একটি দল কাটা গাছ করাত দিয়ে চেরাই করে খণ্ড করছে।
শ্রমিকেরা জানালেন, সোমবার থেকে তাঁরা গাছ কাটা শুরু করেছেন। প্রথম দিন ১০-১২টি কেটেছেন। সেগুলো চেরাইয়ের জন্য করাতকলে নিয়ে যাওয়া হয়েছে। বাগানের অন্তত দুই সহস্রাধিক গাছে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলো কাটা হবে। এতে সময় লাগবে ১০-১৫ দিন।
বাগানের শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, কুলাউড়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং পৃথিমপাশা ইউপি সদস্য কিবরিয়া হোসেন ওরফে খোকন মেম্বারসহ কয়েকজন মিলে এসব গাছ বাগান কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকায় কিনে নিয়েছেন। তাঁরাই শ্রমিকদের দিয়ে গাছগুলো কেটে নিচ্ছেন।
বন বিভাগের একটি সূত্র জানায়, কালিটি বাগান কর্তৃপক্ষ বিভিন্ন জাতের দুই সহস্রাধিক গাছ কাটার অনুমতি পেতে প্রায় দুই বছর আগে বন বিভাগে আবেদন করে। তবে অনুমতি মেলেনি।
ক্ষোভের সঙ্গে বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি রামু রায় বললেন, বাগানের প্রতি মালিকপক্ষের কোনো দরদ নেই। বাগান থেকে অবাধে ছায়াবৃক্ষ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে চা-গাছের খুব ক্ষতি হচ্ছে। এ অবস্থা চললে বাগানটি ধ্বংস হয়ে যাবে।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কালিটি বাগানে সাম্প্রতিক ঝড়ে কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোসহ আরও কিছু গাছ কয়েকজন মিলে কিনেছি।’ অনুমোদন ছাড়া গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি এ নিয়ে সংবাদ না ছাপাতে অনুরোধ করেন।
অপর ইউপি সদস্য কিবরিয়া হোসেন বললেন, ‘বাগানের কিছু গাছ সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাছগুলো কিনতে চাইছি। এ নিয়ে বাগানের ম্যানেজারের সঙ্গে দর-কষাকষি চলছে।’ তবে তিনি ৫০ লাখ টাকায় গাছ কেনা ও গাছ কেটে নেওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি করেন।
এ বিষয়ে বাগানের সহকারী ব্যবস্থাপক প্রণব দাস কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে মুঠোফোনে বাগানের ব্যবস্থাপক রবিউল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলে কিছু গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো কাটানো হচ্ছে কি না, জানি না। বাগানের গাছে ক্রস চিহ্ন দিয়ে রাখা ও সেসব গাছ কেটে নেওয়ার বিষয়ে প্রশ্নে তাঁর জবাব, ‘শুক্রবারে ফিরছি। আপনি বাগানে আসেন। সাক্ষাতে বিস্তারিত বলব।’
বন বিভাগের স্থানীয় মনছড়া বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, কালিটি বাগানে গাছ কাটার বিষয়ে তাঁর কিছু জানা নেই।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘কালিটিতে গাছ কাটার ব্যাপারে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করলে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটার ব্যাপারে কালিটি বাগান কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়নি। গাছ কাটা হচ্ছে কি না, সেটা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’