চা-বাগানের ব্যবস্থাপকসহ তিনজনকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে রাজনগর চা-বাগানের ব্যবস্থাপকসহ তিনজনকে কুপিয়ে চা-শ্রমিকদের বেতনের ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার রাজনগর উপজেলার লঙ্গুরপুলের কাছে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক রিজওয়ান আলম (৫২), কর্মচারী রাম গোপাল গৌড় (৩৫) এবং গাড়িচালক বাবুল পাঁশী (৫৫)।

রাজনগর চা-বাগান কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক রিজওয়ান আলম সাউথইস্ট ব্যাংকের মৌলভীবাজার শহরের শাখা থেকে চা-শ্রমিকদের মে মাসের বেতনের ১২ লাখ টাকা তুলে চার কর্মচারীসহ মৌলভীবাজার থেকে গাড়িতে চা-বাগানে যাচ্ছিলেন। বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার কদমহাটা বাজার ও লুঙ্গুরপুলের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়ির গতিরোধ করে। এরপর কিছু বোঝার আগেই পিকআপ ভ্যান থেকে তিন-চারজন নেমে তাঁদের গাড়ি কোপাতে শুরু করে এবং তাঁদের চোখেমুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। হামলায় ব্যবস্থাপকসহ তিনজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগ, ব্যাংকের কয়েকটি চেক বই ও কাগজপত্র নিয়ে মৌলভীবাজারের দিকে চলে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক রিজওয়ান আলম প্রথম আলোকে বলেন, ‘প্রথমে পিকআপ ভ্যান দিয়ে ব্যারিকেড দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই এরা আমাদের ওপর হামলা চালায় ও কোপাতে থাকে।’

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশ মাঠে কাজ করছে।