চাঁদপুর ও জামালপুরে সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত সোমবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার জামালপুর সদর উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করেন।
মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের খেয়াঘাট এলাকায় সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে সোমবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দক্ষিণ বাইশপুর গ্রামের ফারুক পাটোয়ারীর সঙ্গে চরবাইশপুর গ্রামের আবদুল মতিন মেম্বার ও হযরত আলীর খেয়াঘাট এলাকায় ছয় একর জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এদিকে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়। এতে চার পুলিশ সদস্যসহ প্রায় ১৫ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরপাড়া গ্রামের সাজল মিয়া তাঁর গ্রামে ব্যক্তিগত টাকায় পল্লী বিদ্যুতের লাইন নেন। চরপাড়া গ্রাম থেকে পাশের গজারিয়া গ্রামে বিদ্যুতের লাইন দেওয়ার জন্য খুঁটি, তারসহ সব কাজ সম্পন্ন করা হয়। কিন্তু সাজল তাঁর সংযোগ থেকে বিদ্যুতের লাইন দিতে রাজি ছিলেন না। পরে গজারিয়ার বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে জামালপুর সদরের ইউএনও গোলাম কিবরিয়া, পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ওই গ্রামে বিদ্যুতের সংযোগ দিতে যান। সংযোগের কাজ শুরু হলে হঠাৎ চরপাড়া গ্রামের কয়েক শ লোক দেশি অস্ত্র ও লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় গ্রামবাসী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইউএনওর গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে শটগানের ২৭টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।