চাঁদপুর ও বাগেরহাটে গৃহবধূসহ দুজন খুন
চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকায় গত মঙ্গলবার ছুরিকাঘাতে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিনে বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি চিংড়িঘের থেকে এক ভারতীয়র পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকার জয়তুন বেগম (৩২) ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার আয়ড়া গ্রামের গোলক সরকার (৪৮)।
নিহত জয়তুনের বড় ভাই বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘরের দক্ষিণ পাশ দিয়ে সিঁদ কেটে চার-পাঁচজন মুখোশ পরা লোক ঘরে ঢোকে। এরপর তারা জয়তুনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজনের সহয়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জয়তুনের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই বলে জানান বিল্লাল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার ওসি রেজাউল করিম বলেন, গোলক সরকার ১৬ ডিসেম্বর তাঁর জামাতা প্রসেনজিৎ মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে অবৈধভাবে চৌদ্দহাজারী গ্রামে আসেন। ১৭ ডিসেম্বর প্রসেনজিতের বোনের বিয়ের পর গভীর রাতে গোলক সরকার নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে একই গ্রামের ছোট পোদ্দারের চিংড়িঘেরে কয়েকটি ইটের সঙ্গে গোলকের পা বাঁধা লাশ ভাসতে দেখে গ্রামবাসী। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, গোলককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তার দুই পা ইট দিয়ে বাঁধা এবং প্যান্ট ও কোটের পকেটে ইট ভরা ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চিতলমারি থানায় একটি হত্যা মামলা করেছে।