চাঁদপুরে অগ্নিকাণ্ডে তরুণের মৃত্যু, দগ্ধ ছয়জন
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক তরুণের মৃত্যু হয়েছে এবং ব্যবসায়ীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তরুণ হলেন বঙ্গবন্ধু সড়কের সেলিনা ভবনের ভাড়াটে ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে রায়হান (২৩)। আহত ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৫০), ট্যাংকলরির শ্রমিক নুরু মোহাম্মদ (২১), বাদশা মিয়া (৫০), মাসুদ হোসেন (২৮), বেলাল হোসেন (৩৫) ও চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মী খোকন মজুমদার (৩২)। তাঁদের মধ্যে খোকন ছাড়া অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। খোকনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী কবির মিজি বলেন, গত বুধবার রাত সাড়ে ১২টায় যমুনা অয়েল কোম্পানির একটি ট্যাংকলরি থেকে পাইপ দিয়ে ওই ভবনের একটি কক্ষে রাখা ড্রামে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়ে ট্যাংকলরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা তিনতলা ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। পরে আগুন ভবনের নিচতলায় অকটেন, ডিজেলের বেশ কিছু তেলের ড্রামে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে চাঁদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।