চাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে গৃহবধূর মৃত্যু
চলন্ত ট্রেনে অজ্ঞান পার্টির দেওয়া জুস পান করে রেবা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
রেবার স্বামী রাশেদুল ইসলাম জিআরপি পুলিশকে বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণির ‘ঢ’ বগির ৩৪ নম্বর আসনে বসা ছিলেন রেবা বেগম। ট্রেনটি নাঙ্গলকোট ছেড়ে লাকসাম আসার সময় রেবা বেগমের পিপাসা লাগে। এ সময় পাশে থাকা অজ্ঞান পার্টির এক সদস্য তাঁকে জুস পান করতে দেন। কিছুক্ষণ পরে তিনি বুকে ব্যথা অনুভব করেন। ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে রেবা সেখানে মারা যান।
রাশেদুল ইসলাম বলেন, তাঁরা চট্টগ্রামের রূপাবাদ কলোনিতে ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি রাজবাড়ী সদরের আটাশ কলোনিতে। যাচ্ছিলেন রেবার বাবার বাড়ি পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া গ্রামে।
চাঁদপুর জিআরপি থানার ওসি ওসমান গণি পাঠান বলেন, এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে। রাত একটায় চাঁদপুর থেকে মাইক্রোবাসে করে রোববার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।