চাঁদপুরে আটক ২৩
চাঁদপুরের পাঁচটি থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ২৩ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ, মতলব দক্ষিণ ও শাহরাস্তি থানার পুলিশ গতকাল দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ২৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন বিএনপির কর্মী ও বাকি আটজন জামায়াতের কর্মী। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ থানায় নাশকতার অভিযোগে মামলা হবে।
অবরোধে চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় পেট্রলবোমায় ট্রাকচালকের সহকারী মো. মোতালেব নিহত হন। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদসহ ২২ জনের নাম উল্লেখ করা হয় ও অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।