চাঁদপুরে ইজিবাইকচালক খুন, ভালুকায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনিতে প্রতিপক্ষ গতকাল বুধবার সফিক গাজী (৩৫) নামে এক ইজিবাইকচালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে স্বামীর বাড়ি থেকে গতকাল আকলিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরে নিহত সফিক গাজী রেলওয়ে শ্রমিক কলোনির শহিদ গাজীর ছেলে। এই ঘটনায় পুলিশ সফিক গাজীর প্রতিবেশী আকাব্বর ও আবু ঢালীকে আটক করেছে।
সফিকের মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, গত বুধবার দুপুরে সফিক গাজীর খালাতো বোন আছমার সঙ্গে আকাব্বর আলীর ছেলে স্বপন ঢালীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্বপন ঢালী সফিক গাজীর মেয়ে তামান্নার নাম উল্লেখ করে কথা বলেন। এ নিয়ে সফিক গাজী প্রতিবাদ করেন। এতে স্বপন ঢালী তাঁকে লাথি ও কিল-ঘুষি মারতে থাকেন। এর কিছুক্ষণ পর সফিক ঘুরে পড়ে যান। পরিবারের লোকজন তাৎক্ষণিক চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরই সফিক গাজীর পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে ওই থানার উপপরিদর্শক (এসআই) অনুপ সেখান থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যান।
ভালুকা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের শরীফুল ও তাঁর পরিবারের সদস্যদের বাড়ি থেকে পালাতে দেখেন প্রতিবেশীরা। এই সময় তাঁরা শরীফুলের ঘরে গিয়ে ঘরের টিনের বেড়ার সঙ্গে হেলান দেওয়া অবস্থায় তাঁর স্ত্রী আকলিমার লাশ দেখতে পান। পরে তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে আকলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আকলিমার বাবা আছমত আলী অভিযোগ করেন, প্রায় চার বছর আগে শরীফুলের সঙ্গে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর আনুমানিক পাঁচ লাখ টাকা খরচ করে পাড়াগাঁও গ্রামে শরীফুলকে জমি কিনে বাড়ি করে দেওয়া হয়। সম্প্রতি শরীফুল আরও টাকার জন্য আকলিমাকে নির্যাতন করা শুরু করেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, নিহত ব্যক্তির গলায় ফাঁস লাগানোর দাগ আছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।