চাঁদপুরে এক নারীকে গলা কেটে হত্যা
চাঁদপুরে কোহিনুর বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিবেশী নয়ন বেগম নামে আরেক নারী গতকাল শুক্রবার রাতে নিজের বাড়িতে ডেকে নিয়ে তাঁকে হত্যা করেছেন।
নিহত কোহিনুর বেগম জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। বাড়ি শহরের রহমতপুরে। তাঁর তিন সন্তান রয়েছে।
কোহিনুরের স্বামী মো. আব্দুলের ভাষ্য, প্রতিবেশী নয়ন বেগম রাত আটটার দিকে কোহিনুরকে ফোন দিয়ে তাঁর বাড়িতে যেতে বলেন। কোহিনুর না যাওয়ায় তিনি নিজেই বাড়িতে আসেন। পরে কোহিনুরকে সঙ্গে নিয়ে নয়ন বেগম তাঁর বাড়িতে যান। এরপর তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে খবর পান।
নয়ন বেগমের মেয়ে তিশা ও ত্বন্নির ভাষ্য, রাত সাড়ে আটটার দিকে তারা ঘরে বসে পড়াশোনা করছিল। এ সময় চিৎকার শুনে তারা মায়ের ঘরে যায়। মায়ের ঘরের দরজায় অনেকক্ষণ ধরে কড়া নাড়ে। পরে মা বের হয়ে তাদের পড়তে যেতে বলেন। রাত ৯টা পর আবার মায়ের ঘরে যায় মেয়েরা। তারা দেখে মা ঘরে নেই। কোহিনুর বেগমের লাশ পড়ে আছে। তাদের মধ্যে তিশা কলেজে ও ত্বন্নি পঞ্চম শ্রেণিতে পড়ে।
চাঁদপুর সরকারি কলেজের ছাত্র ওই এলাকার বাসিন্দা সোহেলসহ বেশ কয়েকজনের ভাষ্য, নয়ন বেগম এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সমিতির নামে অনেক টাকা পয়সা নিয়ে থাকেন। ওই টাকার লেনদেনকে কেন্দ্র করে নয়ন বেগম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের ধারণা।
প্রতিবেশী আয়েশা রহমানের ভাষ্য, নয়ন বেগম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিনের ভাষ্য, কী কারণে কোহিনুর খুন হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোহিনুরের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোহিনুরের স্বামী আজ রোববার চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সদস্যসচিব মাসুদা নূর খানের ভাষ্য, ‘কোহিনুর জেলা মহিলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। আমরা তাঁর হত্যার সঠিক বিচার চাই।’