চাঁদপুরে কলেজছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা শহরে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।

ওই ছাত্রের নাম মহিব হাসান তুষার (১৬)। সে শহরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি শহরের ১৪ নম্বর দাসাদী এলাকায়। বাবার নাম মাহমুদুল হাসান। এ ঘটনায় ওই ছাত্রের মামা খান বাহাদুর বাদী হয়ে আট-নয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জয় দের (১৯) বাড়ি চাঁদপুর শহরের উত্তর মৈশাদি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ওই ছাত্র বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিল। ওই সময় শহরের মঠখোলা এলাকার সৈকত মিয়া, সবুজ, সঞ্জয় দে,  রনিসহ কয়েকজন দুর্বৃত্ত আকস্মিক তার ওপর হামলা চালায়। তারা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তার হাত, পা, বুক, পিঠসহ শরীরের কয়েকটি অংশে ক্ষতের সৃষ্টি হয়েছে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে পরিবারের লোকেরা তাকে কুমিল্লা সিএমএইচে ভর্তি করেন।

এ বিষয়ে সৈকত মিয়া, সবুজসহ তাদের সঙ্গীদের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হওয়া মামলার আসামি সঞ্জয় দেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।