চাঁদপুরে কোস্টগার্ডের ওপর হামলা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন এখলাসপুর কোস্টগার্ডের তিন সদস্য ও এক মৎস্য কর্মকর্তা।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মেঘনা নদীর ষাটনল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হন চারজন। এ ঘটনায় চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা মৎস্য কার্যালয় ও এখলাসপুর কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মেঘনার ষাটনল সীমানায় কোস্টগার্ডের তিন সদস্য ও একজন সহকারী মৎস্য কর্মকর্তা ট্রলারে করে জেলেদের নৌকাটি ধাওয়া করেন। জেলেরা নৌকা থেকে তাঁদের ওপর বাঁশ ও ইট নিক্ষেপ করেন। কোস্টগার্ডের সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পালাতে থাকেন। এ সময় চার জেলেকে হাতেনাতে ধরে ফেলেন কোস্টগার্ডের সদস্যরা। জব্দ করা হয় একটি নৌকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল।
জেলেদের হামলায় সামান্য আহত হন কোস্টগার্ডের এখলাসপুর কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ার হোসেনসহ চারজন। আটক জেলেরা হলেন সজীব সরকার, শেখ ফরিদ, সাহাবুদ্দিন সরকার ও জাকির হোসেন। গতকাল শুক্রবার উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।