চাঁদপুর শহরের বকুলতলায় রেললাইন ঘেঁষে অবৈধ বিপণিবিতান নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপকসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় ব্যবস্থাপক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের সাত ঊর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেলওয়ের চাঁদপুর-লাকসামের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী রাম নারায়ণ ধর বলেন, কর্মকর্তারা অবৈধভাবে নির্মাণাধীন ওই বিপণিবিতান পরিদর্শন করেন এবং তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।
চাঁদপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বকুলতলায় রেলওয়ের জমিতে স্থানীয় চার ব্যক্তি অবৈধভাবে মার্কেট নির্মাণ করে আসছেন। রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাম নারায়ণ ধর চাঁদপুর রেলওয়ে থানায় গত ৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেন। পরে চাঁদপুর রেলওয়ে থানার ওসি ওছমান গণি পাঠানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ নির্মাণকাজ দুই দফা বন্ধ করে দেয়। কিন্তু এরপর রাতে নির্মাণের কাজ অব্যাহত থাকে। এ নিয়ে ৪ ডিসেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।
আফজাল হোসেন বলেন, চাঁদপুর শহরের বেশ কয়েকটি স্থানে রেলওয়ের জমিতে অবৈধভাবে বিপণিবিতানসহ স্থাপনা নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা সরেজমিনে পরিদর্শন করেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।