চাঁদপুরে চর থেকে নৌ পুলিশের লাশ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার লগ্গিমারা চর এলাকা থেকে নৌ পুলিশের এক কনস্টেবলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাঁকে খুন করা হয়েছে।
ওই কনস্টেবলের নাম মো. হারুনুর রশিদ (৫০)। তিনি চাঁদপুর নৌ পুলিশের সদস্য ছিলেন। তাঁর বাড়ি বরিশাল জেলায়। তিন মাস আগে চাঁদপুর নৌ পুলিশে যোগ দেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে নৌ পুলিশের একটি দল টহল দিচ্ছিল। দলে ছিলেন হারুনুর রশিদ। একপর্যায়ে হারুনুর রশিদ লগ্গিমারা চরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। আধা ঘণ্টা পরও তিনি ফিরে না আসায় পুলিশের অন্য সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁকে না পেয়ে তাঁরা ফাঁড়িতে ফিরে আসেন। পরে আবার নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামানের নেতৃত্বে অন্য একটি দল তাঁকে খুঁজতে বের হয়। বিকেল সাড়ে চারটার দিকে ওই চরে হারুনুর রশিদের লাশ পাওয়া যায়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হারুনুর রশিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাঁকে হত্যা করে চরে ফেলে রেখে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।