চাঁদপুরে চোর সন্দেহে কাঠমিস্ত্রিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নে চোর সন্দেহে এক কাঠমিস্ত্রিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুঁয়া গ্রামের মোস্তফা গাজী (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, মোস্তফা রোববার রাতে পাটওয়ারী বাড়িতে ঢোকেন। এ সময় গরুচোর সন্দেহে ওই বাড়ির ফয়সাল, কাদির, ইমাম হোসেনসহ ৮-১০ জন তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। জীবন বাঁচাতে মোস্তফা পাশের একটি ডোবায় ডুব দেন। এ সময় হামলাকারীরা তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করেন। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক বাসিন্দা বলেন, ভোর চারটার দিকে তিনি দেখেন, ওই বাড়ির হাবিব ও আরিফ নামের দুই যুবক মোস্তফার লাশ রাস্তায় রাখছেন।
আশিকাটির ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে তিনি চাঁদপুর মডেল থানার পুলিশকে জানান। বেলা ১১টায় পুলিশ রাস্তা থেকে লাশটি উদ্ধার করে।
কথা বলতে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।