চাঁদপুরে ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলায় গত শনিবার রাতে ছেলের লাঠির আঘাতে ছিদ্দিকুর রহমান প্রধানিয়া (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের ফজলুল হক প্রধানিয়া তাঁর স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িত হন। এ সময় ছিদ্দিকুর রহমান গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এতে ফজলুল ক্ষিপ্ত হয়ে তাঁর হাতে থাকা লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছিদ্দিকুর মারা যান। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গতকাল বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে ছিদ্দিকুরের লাশ উদ্ধার করে। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল দুপুরে ছিদ্দিকুরের মেয়ে রিনা বেগম বাদী হয়ে ফজলুলকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে ফজলুল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।