চাঁদপুরে জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেট আহত
নিষেধাজ্ঞা অমান্য করে ‘মা’ ইলিশ শিকারের চেষ্টায় বাধা দেওয়ায় জেলেদের হামলায় এক ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আজ সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ২৫ কেজি ‘মা’ ইলিশ, নৌকা ও জালসহ তিনজনকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলেদের ছোড়া ইটের আঘাতে আহত ম্যাজিস্ট্রেটের নাম রাজীবুল হক খান। তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে রাজীবুল হক খান প্রথম আলোকে বলেন, ‘“মা” ইলিশ ধরতে বাধা দিলে জেলেরা হামলা চালান। তাঁদের ছোড়া ইটে পায়ে বেশ আঘাত লেগেছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।’
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলম সিদ্দিকী বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে চাঁদপুর সদরের বিভিন্ন স্থানে ‘মা’ ইলিশ নিধন বন্ধে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। সকাল আটটার দিকে গোবিন্দিয়া এলাকায় মেঘনা নদীতে ‘মা’ ইলিশ নিধনকালে জেলেদের নৌকা আটক করতে যান ম্যাজিস্ট্রেট। এ সময় জেলেরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১টি ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।