চাঁদপুরে দুজনকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলায় গত সোমবার ছিনতাইকারীরা গলা কেটে দুই ব্যক্তিকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীরা তাঁদের টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হলেন মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামের অনীল চক্রবর্তীর ছেলে গোপাল চক্রবর্তী (৪৫) এবং ঢাকার কেরানীগঞ্জের বাবুসু এলাকার আইনাল ব্যাপারীর ছেলে মিলন মিয়া (১৯)। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালের প্রতিবেশী রোকনুজ্জামান বলেন, গোপাল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। গত সোমবার রাত সাড়ে নয়টায় মতলব দক্ষিণ উপজেলার উপাদী বাজার থেকে তাঁর প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং তাঁর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। চাঁদপুর মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবুদ্দিন বলেন, এ ঘটনায় আহত গোপালের ভাই ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মিলন মিয়ার মামা সাদ্দাম খান বলেন, মিলন সোমবার বিকেলে ঢাকা থেকে চাঁদপুর শহরের তালতলা আসার জন্য এমভি সোনার তরী লঞ্চে ওঠেন। লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছার কিছুক্ষণ আগে লঞ্চের ভেতর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা এক নির্জন জায়গায় নিয়ে মিলনের সঙ্গে থাকা টাকাপয়সা এবং মুঠোফোন ছিনিয়ে নেয় এবং তাঁর গলায়, মাথায় ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মিলনের মামা আরও জানান, রাত ১০টায় লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছালে লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।