চাঁদপুরে দুটি ট্রাকে পেট্রলবোমা হামলায় নিহত ১, দগ্ধ ৩
চাঁদপুর সদর উপজেলায় পণ্যবাহী দুটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক ট্রাকচালক দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তিনজন। আহত হয়েছেন দুজন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় পৃথক পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম জাহাঙ্গীর। দগ্ধ হয়েছেন খোরশেদ (৩০), রুবেল (৩৮) ও শরিফ (৩৮)। আহত হয়েছেন অপর ট্রাকচালক আমানত খান (৪০) ও তাঁর সহকারী কালু বেপারী (২২)।
দগ্ধ হওয়া তিন ব্যক্তিকে মধ্যরাতে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। চাঁদপুরের চান্দ্রা পৌঁছালে ট্রাকটিতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক জাহাঙ্গীর ঘটনাস্থলে পুড়ে মারা যান। দগ্ধ হন খোরশেদ, রুবেল ও শরিফ। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সদর উপজেলার রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে অপর ট্রাকটিতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ট্রাক থেকে নামতে গিয়ে আহত হন চালক আমানত ও তাঁর সহকারী কালু।