চাঁদপুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে এক গৃহবধূর দুই পা। গত শনিবার গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ শাহিনুর আক্তারকে (২৫) গতকাল রোববার চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ২০০৬ সালে উপজেলার ছোট হলদিয়া গ্রামের প্রবাসী মঞ্জুর আহমেদের সঙ্গে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সঙ্গে শাহিনুরের বনিবনা ছিল না। বিয়ের কয়েক মাস পর শ্বশুর সাহেব আলী তাঁর পরিবারের কাছ থেকে জমি কেনার জন্য সাত লাখ টাকা ধার নেন। পরে কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধে অস্বীকৃতি জানান। এ নিয়ে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে ঝগড়া চলে আসছিল। শনিবার রাতে শাহিনুর তাঁর ছেলেকে নিয়ে ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। পরে রাতে ঘরের জানালা দিয়ে কে বা কারা তাঁর পায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এতে তাঁর দুই পা ঝলসে যায়।
শাহিনুর অভিযোগ করেন, তাঁর শ্বশুর এ কাজ করতে পারেন।
এ ব্যাপারে শাহিনুরের শ্বশুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো মামলা হয়নি।