চাঁদপুরে নাসরিন লঞ্চডুবি ট্র্যাজেডির ১৪ বছর আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে নাসরিন লঞ্চডুবি ট্র্যাজেডির ১৪ বছর পূর্তি আজ শনিবার। এ উপলক্ষে গতকাল শুক্রবার ভোলা আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভা হয়েছে।

সভায় বক্তারা নাসরিন লঞ্চে নিহত, নিখোঁজ ও আহত ব্যক্তিদের পরিবারকে আদালতের নির্দেশিত ক্ষতিপূরণ দ্রুত প্রদান, নিরাপদ নৌপথ ও উপকূলীয় জলপথে ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধের দাবি জানান।

সভায় পাঠ করা এক প্রবন্ধে বলা হয়, ২০০৩ সালে ৮ জুলাই রাত ১১টায় এমভি নাসরিন-১ সহস্রাধিক যাত্রী, মাত্রাতিরিক্ত মালামালসহ চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ডুবে যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১১০ জনের লাশ উদ্ধার করা হয় এবং ১৯৯ জনকে খুঁজে পাওয়া যায়নি। চাঁদপুর জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের তালিকা প্রকাশ করেন। তবে বেসরকারি সংস্থাগুলোর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা পাঁচ শতাধিক।

প্রবন্ধে আরও বলা হয়, কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতাসহ প্রচলিত আইন উপেক্ষা করায় ওই লঞ্চডুবির ঘটনা ঘটে। এসব অভিযোগে ২০০৪ সালে ২৮ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার তৃতীয় জেলা জজ আদালতে ১২১ জন বাদী মামলা করেন। মামলাটি পরিচালনা করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। চলতি বছরের ৫ জুন উচ্চ আদালত লঞ্চডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৭ কোটি ১১ লাখ টাকা প্রদানের ডিক্রি (নির্দেশ) দেন। নিহত ও নিখোঁজ ব্যক্তির প্রত্যেক পরিবার পাবে ১০ লাখ টাকা এবং আহত ব্যক্তির পরিবার পাবে এক লাখ টাকা করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি মো. ওবায়দুর রহমান। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক।