চাঁদপুরে নিম্নমানের ইউরিয়া সরবরাহের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে নিম্নমানের ও জমাটবাঁধা ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এসব সার না দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও কাজ হয়নি। কৃষকেরা এসব সার না কেনায় ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন।

জেলা সার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, চাঁদপুরের ১০৬ জন ডিলার সরকারের কাছে ২৮ হাজার ১০ টন ইউরিয়া সার বরাদ্দ চান। গত নভেম্বর পর্যন্ত ১১ হাজার ৮০ টন সার ঘোড়াশালের সারখানা থেকে সরবরাহ করা হয়। বাকি সার চট্টগ্রামের কালুরঘাট বাফার ট্রানজিট গুদাম থেকে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। সার ব্যবসায়ীরা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই গুদামে মজুত করা সার চীন থেকে আমদানি করা; যার অধিকাংশ নিম্নমানের জমাটবাঁধা। এ জন্য সেখান থেকে সার সরবরাহ না করতে ব্যবসায়ীরা ৬ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, বিসিআইসির চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর চিঠি দেন। এরপরও নিম্নমানের সার পাঠানো হচ্ছে।

জেলা সার ব্যবসায়ী সমিতি ও চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে এসব সার ট্রাকে করে চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে ডিলারদের কাছে পাঠানো হচ্ছে। গতকাল রোববারও শহরের ৫ নম্বর ঘাটের সার ব্যবসায়ীদের জন্য ৯টি ট্রাকে ১৮০ টন সার এসেছে। এসব সারের বস্তা লালচে হয়ে গেছে। সারও জমাটবাঁধা, পাথরের মতো শক্ত।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী আহম্মদ বলেন, ‘এসব সার ব্যবহার করলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। নষ্ট ও জমাটবাঁধা ইউরিয়া সার নিয়ে আজ (রোববার) জেলা প্রশাসক কার্যালয়ে সার মনিটরিং সভা হয়েছে।’