চাঁদপুরে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ: ২০০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে গতকাল শুক্রবার পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। ট্রাফিক পুলিশ সার্জেন্ট রফিকুল ইসলাম আজ শনিবার এ মামলা করেন। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি যুবলীগ কর্মী ইকবাল ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোল্লা জানান, বেআইনিভাবে জড়ো হয়ে সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশকে হত্যার হুমকির অভিযোগে মামলা করা হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম রোমানসহ ১১ জনের নাম উল্লেখ করে দেড় শ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে জাহেদুল ইসলাম রোমানসহ তিনজন একটি মোটরসাইকেলে চড়লে পুলিশ মোটরসাইকেল আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ-পুলিশ দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে ১৪ পুলিশসহ ২৪ জন ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মী আহত হন। তাঁরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। প্রায় এক ঘণ্টা শহরে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৯ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, মোটরসাইকেল আটকের ঘটনা ছাড়াও চাঁদপুর জেলা জাহেদুল ইসলাম, যুবলীগের ইকবালসহ একটি গ্রুপ চাঁদপুর লঞ্চঘাটে ব্যাপক চাঁদাবাজি করে আসছিল। চাঁদাবাজি বন্ধের ঘটনায় ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর এই হামলা চালায় নামধারী ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা।