চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত দুই 'ডাকাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের গুলিতে হাবু সরদার (৩০) ও মজিবুর রহমান (৪৮) নামের দুজন নিহত হয়েছেন। পুলিশ বলেছে, তাঁদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে। ডাকাতেরা হামলা চালালে পুলিশ গুলি করে।
নিহত দুই ব্যক্তির লাশ গতকাল বুধবার দুপুরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে বিকেলে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক এ দুজনসহ ১০-১২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগী গ্রামে কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা পুলিশের ওপর হামলা চালালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। ডাকাতদের ইটপাটকেলে আহত হন তিন পুলিশ সদস্য।
ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, ঘটনাস্থল থেকে রামদা, কিরিচ ও খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহত হাবুর বাড়ি লক্ষ্মীপুরের চর আলী হাসান গ্রামে ও মজিবুরের বাড়ি মতলব উত্তরের গজরা ইউনিয়নে।
পুলিশ আরও বলেছে, নিহত দুজনের বিরুদ্ধে কিছুদিন আগে মতলব উত্তরের পাঠান বাজার এলাকায় স্বর্ণের দোকান লুটের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা মামলাসহ অনেকগুলো মামলা রয়েছে। ঘটনার পর মজিবুরের বাড়ির সবাই পালিয়েছেন।