চাঁদপুরে পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে ছয় লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের পদুয়ারপাড় গ্রামের কৃষক মো. লোকমান।
মামলার অন্য আসামিরা হচ্ছেন একই এলাকার আবদুল আজিজ খান, তাজুল ইসলাম ও নাজমুল হুদা। আদালতের বিচারক রাজিব কুমার বিশ্বাস মামলাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুরের সহকারী পুলিশ সুপারকে (সদর সার্কেল) নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার পদুয়ারপাড় গ্রামের মো. লোকমানের সঙ্গে তাঁর ভাগনে নাজমুল হুদার সাড়ে নয় শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। পুলিশ ১০ মার্চ সকাল ১০টায় লোকমানকে থানায় ধরে নিয়ে ওই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে চাপ দেয়। অন্যথায় ছয় লাখ টাকা দাবি করে। লোকমানের ছেলে সফিকুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে থানা থেকে তাঁর বাবাকে ছাড়িয়ে নিয়ে আসেন।
ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি লোকমানের ভাইয়ের বউয়ের সঙ্গে মারধরের ঘটনায় লোকমানকে আটক করা হয়। পরে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।