চাঁদপুরে পেট্রলবোমায় নিহত ট্রাকচালক, গুরুতর দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের ৭৪তম দিন আজ
অবরোধের ৭৪তম দিন আজ

হরতাল-অবরোধে চাঁদপুরে দুর্বৃত্তদের পৃথক পেট্রলবোমা হামলায় পুড়ে অঙ্গার হয়েছেন নিরীহ একজন ট্রাকচালক। হামলায় তিনজন দগ্ধ ও আরও দুজন আহত হন। যশোরে উদ্ধার করা হয়েছে যুবদলের এক নেতার লাশ। তাঁকে ঢাকা থেকে ধরে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের গতকাল বৃহস্পতিবার ছিল ৭৩তম দিন। এদিন রাজশাহী জিপিওতেও ককটেলের হামলা হয়েছে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুদিন আগে থেকেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১২৩ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২৮টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৬০টি।
এদিকে নাশকতায় জড়িত থাকার সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছয় জেলা থেকে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেপ্তার বা আটক করা হয়েছে ১০ জনকে।
চালক নিহত, দগ্ধ তিনজন: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় গত বুধবার রাতে দুটি পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা করেছে। চান্দ্রায় হামলার ঘটনায় চালক মো. জাহাঙ্গীর হোসেন (৪০) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা গেছেন। এ হামলায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও তিনজন।
দগ্ধ তিনজন হলেন: খোরশেদ আলম (৩০), রুবেল হোসেন (৩৮) ও শরিফ হোসেন (৩৮)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এ ছাড়া রঘুনাথপুরে অপর হামলার ঘটনায় ট্রাকচালক আমানত খান (৪০) ও তাঁর সহকারী কালু বেপারী (২২) আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছা ও শার্শা এলাকায়।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, দগ্ধ শরিফের শরীরের ৮৮, খোরশেদের ৩৫ ও রুবেলের ২৫ শতাংশ ঝলসে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। শরিফের বাঁচার সম্ভাবনা ক্ষীণ।
বুধবার রাতে চট্টগ্রাম থেকে খুলনাগামী পণ্যবোঝাই একটি ট্রাক চাঁদপুরের হরিনা ফেরিঘাটের দিকে আসছিল। পথে চান্দ্রা সড়কে রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রলবোমা ছোড়ে। ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর পুড়ে মারা যান। আর ট্রাকের আরোহী খোরশেদ, রুবেল ও শরিফ দগ্ধ হয়ে পড়ে থাকেন। কয়েকজন অটোরিকশাচালক তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
একই রাতে রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে অপর একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। প্রাণ বাঁচাতে চালক আমানত খান ও তাঁর সহকারী কালু বেপারী চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়েন। এতে গুরুতর আহত হন তাঁরা। আমানত শহরের গুণরাজদি কবিরাজ বাড়ির মৃত মোস্তাক হাজি এবং কালু বেপারী পুরানবাজার পশ্চিম বাজার এলাকার শুক্কুর বেপারীর ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, নিহত ট্রাকচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
যুবদলের নেতাকে হত্যা: যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় রেললাইনের পাশ থেকে যুবদলের নেতা মেজবাহ উদ্দিন ওরফে চন্টুর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
পরিবারের সদস্য ও বিএনপির অভিযোগ, পুলিশ ঢাকা থেকে তাঁকে আটক করে নিয়ে গিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যা করেছে। পরে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সাতমাইল এলাকার শহীদের ইটভাটা নামক স্থানের রেললাইনের পাশে মেজবাহর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে রেলপুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠায়।
মেজবাহর ছোট ভাই আলী হোসেন বলেন, ‘মঙ্গলবার গোয়েন্দা পুলিশ (ডিবি) আমার ভাইকে ঢাকা থেকে আটক করে। আজ (গতকাল) তাঁর লাশ পেলাম। বুধবার রাতে পুলিশ ট্রেনের নিচে ফেলে তাঁকে হত্যা করেছে।’
মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র শহিদ ইকবাল বলেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে চন্টুকে আটক করা হয়। বুধবার সকালে তাঁকে যশোর ডিবি পুলিশের হেফাজতে দেওয়া হয়। এখন শুনছি তাঁর লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। পুলিশই তাঁকে খুন করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে যশোর ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘চন্টুকে আমরা গ্রেপ্তার করিনি। এ ব্যাপারে আমাদের কিছুই জানা নেই।’ মনিরামপুর থানার ওসি মোল্যা খবীর আহমেদ বলেন, ‘চন্টু উপজেলার কৃষক লীগ নেতা শফি কামাল এবং যুবলীগ নেতা শাহীন হত্যা মামলাসহ মোট ১৫টি মামলার আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।’
জিপিওতে ককটেল হামলা: রাজশাহী জেনারেল পোস্ট অফিসে (জিপিও) ককটেল ফাটিয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর ১২টায় এ হামলায় একটি জানালার কাচ ভেঙে গেছে। হামলার পর পালাতে দেখে জনতা এক ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তির নাম ফরিদুল হোসেন ওরফে রবিউল (৪০)। নিজেকে একজন ওষুধ ব্যবসায়ী দাবি করে তিনি বলেন, একটি ছেলেকে ককটেল ছুড়ে পালাতে দেখে আটক হওয়ার ভয়ে নিজেও পালাচ্ছিলেন তিনি।
এর আগে বুধবার রাজশাহী আদালত চত্বরে এবং গত মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডে ককটেল হামলা চালানো হয়েছিল। ১২ মার্চ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনেও ককটেলের বিস্ফোরণ ঘটে।
গ্রেপ্তার-আটক: রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলার আসামি জামায়াতের নেতা জয়নাল মিয়া ও তাঁর ভাই জামায়াতের কর্মী মাসুম আমিনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। জয়নাল মিয়া উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন জামায়াতের সভাপতি।
সিরাজগঞ্জে বুধবার রাতে বিএনপি-জামায়াতের চার কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: জামায়াতের কর্মী হাসান ইকবাল হেফজুল, বিএনপির কর্মী নজরুল ইসলাম ও গিয়াস উদ্দিন এবং যুবদলের কর্মী আবদুস সোবাহান।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুজন ইসলামকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নোয়াখালী জেলা (উত্তর) ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}