চাঁদপুরে পেট্রলবোমায় দগ্ধ এক ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পেট্রলবোমায় দগ্ধ ব্যবসায়ী শরিফ খন্দকার আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ৮৮ শতাংশই পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকেরা জানান।

১৮ মার্চ চাঁদপুর সদর উপজেলায় পণ্যবাহী দুটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর নামে এক ট্রাকচালক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন শরিফ খন্দকার, খোরশেদ আলম ও রুবেল হোসেন। আহত হন দুজন।

নিহত শরিফের স্বজন শাহ সেকান্দার গতকাল শনিবার জানান, ধার করে ট্রাক কিনেছিলেন যশোরের ঝিকরগাছার শরিফ। ঋণ শোধ করেছেন গেল সপ্তাহে। সাধের ট্রাক। ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে যদি পুড়ে যায়, এই ভয়ে বের করেননি ট্রাকটি। কিন্তু কত দিন বসে থাকবেন। সাত, পাঁচ আর দেড় বছরের তিন সন্তান, বৃদ্ধ মা যাঁর ওপর নির্ভরশীল, তিনি কত দিনই বা আর বসে থাকতে পারেন। তাই ঝুঁকি নিয়েই বেরিয়েছিলেন। চালকের পাশে বসে চট্টগ্রাম এসেছিলেন। সেখান থেকে চাঁদপুরের হরিণা ফেরিঘাটের দিকে আসছিলেন গত বুধবার। আচমকা চান্দ্রা সড়কে রাত ১২টার দিকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে ট্রাকে। ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর মারা যান। অগ্নিদগ্ধ বাকি তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ শরিফ খন্দকারের মৃত্যু হয়।

পেট্রলবোমায় দগ্ধ হয়ে এ দফায় ১৭২ জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সেবা নিয়েছেন। এখন ভর্তি আছেন ২৬ জন। মারা গেছেন ১৫ জন। এ ছাড়া গতকাল তিনজন রোগীর অস্ত্রোপচার হয়েছে।