চাঁদপুরে পেট্রোলবোমায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার রাত ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটের বটতলা এলাকায় পিকেটারদের ছোঁড়া পেট্রলবোমায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. মোতালেব (৪৫)। তাঁর বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোমা থেকে বাঁচতে লাফিয়ে নামতে গিয়ে চলন্ত ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি মারা গেছেন। তিনি ওই ট্রাকের সহকারী (হেলপার) ছিলেন। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর ও চাঁদপুর সদর মডেল থানা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে টাইলস নিয়ে ট্রাকটি চাঁদপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকে চালক, মালিক ও হেলপার ছিলেন। ঘোষেরহাটের বটতলার কাছে ট্রাকটি পৌঁছালে অজ্ঞাত দুবৃ‌র্ত্তরা ট্রাকটি লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছোঁড়ে।
বিষয়টি আঁচ করতে পেরে ট্রাকের চালক ও মালিক ডান দিক দিয়ে চলন্ত ট্রাক থেকে নেমে দ্রুত নেমে যান। হেলপার বাম দিক দিয়ে নামার সময় চলন্ত ট্রাকের নিচে পিষ্ট হয়ে তাঁর মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
ট্রাকের চালক ও মালিককে খুঁজে পাওয়া যায়নি। নিক্ষিপ্ত পেট্রলবোমার আঘাতে ট্রাকে আগুন না লাগলেও নিহত হেলপারের প্যান্টের নিচের অংশে আগুনে পোড়ার দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকাটি এখন পুলিশ ঘিরে রেখেছে।