চাঁদপুরে পৌর আ.লীগের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের বিতণ্ডার জেরে চাঁদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় এক পক্ষ চেয়ার ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সভা পণ্ড হয়ে যায়। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের পৌর পাঠাগারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক নেতা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষের সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। সভা চলাকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে সভাস্থলে যেতে চান। কিন্তু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারীর লোকজন তাঁদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে দীপু মনির পক্ষের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ কয়েকজন চেয়ার ভাঙচুর করেন। এ সময় কয়েকজন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। একপর্যায়ে দীপু মনি সভাস্থলের কাছ থেকে ফিরে যান।
জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বলেন, দীপু মনির অনুষ্ঠানস্থলে প্রবেশ নিয়ে ছাত্রলীগের সাবেক দুই নেতার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের নেতারা সভা স্থগিতের আহ্বান জানান। এতে মাঝপথেই সভাটি পণ্ড হয়ে যায়।
তবে চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ বলেছেন, চেয়ার ভাঙচুরের কোনো ঘটনা সেখানে ঘটেনি। দুই পক্ষের উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।